top of page

দুটি কবিতা / সায়ন রায়

Apr 14, 2024
1 min read

Updated: Aug 2, 2024

উদ্দেশ্যবিহীন

 

একটা ব্যর্থ ও হীন এ জীবন আমার অর্জন

দিন যায় রাত আসে রাত যায় দিন

ঋতুবদলের ঘ্রাণ রঙের প্রলেপ আনে মনে

নিজস্ব নিয়মে গাছ ডালপালা ছাড়ে

শুকনো পাতা উড়ে যায় হাওয়ায় হাওয়ায়

এও বাহ্য এও বাহ্য তবু বেঁচে থাকবার শ্বাস

অকারণ অহেতুক নির্মোহ মায়ায়

উড়িয়ে দেবার মতো কলিজার জোর

সাধকের আছে। আমরা তুচ্ছ প্রাণ এক

উদ্দেশ্যবিহীন এই পথ চলা, ডোবা আর ভাসা

কখনো কখনো মন দগ্ধ করে দেয়

রিক্ত হাতে পড়ে থাকে মৃতবৎ দু-চোখের পাতা।


 




 

বোধন

 

পুণ্যিপুকুরের জলে ছায়া ফেলে নতুন বছর

জলের গভীরে চোখ মেলে দেখি শীতল পাথর

শান্ত ও নিঝুম। আমাদের এত যে উৎসব তার

চিহ্ন নেই পুকুরের মনে। কী এক গোপন গূঢ়

বেদনার গান গাছে গাছে। যেন এক

ঘোরের ভিতর জেগে আছে পুকুরের শ্বাস

হঠাৎই দামাল দস্যি বালকের দল

মাটি ফুঁড়ে জেগে উঠে ঝাঁপ দেয় পুকুরের জলে

ক্ষণিক ঝড়ের বেগে লণ্ডভণ্ড হয়ে যায় নিঝুম বাগান

বর্ষবোধনের তালে নেচে ওঠে ধামসা মাদল।

Comments


bottom of page